হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ভারতীয়রাও দেশে ফিরতে পারবে না 

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভারতের ৮০টি শহর লকডাউন করে দেওয়ায় আজ মঙ্গলবার থেকে ২৭ মার্চ পর্যন্ত দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ থাকবে পণ্য আমদানি-রপ্তানি। সোমবার (২৩মার্চ) সন্ধ্যায় ভারতের হিলির ব্যবসায়ীরা এই তথ্য নিশ্চিত করেছেন।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে ২৭ মার্চ পর্যন্ত ভারতের কলকাতা সহ ৮০টি শহর লকডাউন করা হয়েছে। একারণে এবার বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার থেকে এই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. সেকেন্দার আলী জানান, গত ১৩ মার্চ থেকে নতুন এন্ট্রির মাধ্যমে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধের পর ১৪ মার্চ থেকে শুধু দুই দেশের ভেতরে অবস্থান করা যাত্রীরা চেকপোস্ট দিয়ে পারাপার করছিল।

তিনি আরো জানান, সোমবার বিকালে ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ আমাদের ফোন করে জানিয়েছে মঙ্গলবার থেকে ভারতীয় নাগরিকসহ বিশ্বের কোনো দেশের নাগরিককে তারা ভারতে গ্রহণ করবে না। এমনকি বিভিন্ন কাজে গত ১৩ মার্চের আগে বাংলাদেশে আসা ভারতীয় নাগরিকদেরও তারা আর গ্রহণ করবে না। তবে দেশটিতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের নিজ দেশে ফিরতে বাঁধা দেওয়া হবে না বলে জানিয়েছে তারা।

ইত্তেফাক/এমআর