জাতীয় দলের নতুন নির্বাচক হওয়ার জন্য ইতিমধ্যে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই একই পদের জন্য সাবেক জাতীয় দলের তারকা শাহরিয়ার নাফীস ও মঞ্জুরুল ইসলামের কথা চিন্তা করছে বলেও জানা গেছে। তবে দুজনই জানিয়েছেন, তারা এই ধরনের কোনো প্রস্তাব পাননি। আর বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, কাদের প্রস্তাব দেওয়া হবে, সেটা তারা এখনও চূড়ান্ত করেননি।
রাজ্জাককে হাবিবুল বাশারের মাধ্যমে নির্বাচক কমিটির সদস্য হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু জাতীয় দলের এই সাবেক তারকা এখনও যেহেতু খেলার মধ্যে আছেন, তাই তিনি প্রস্তাবে তাত্ক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানাননি।
এদিকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, তারা নির্বাচক কমিটির সদস্য হওয়ার জন্য সাবেক বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফীস ও সাবেক বাঁহাতি পেসার মঞ্জুরুল ইসলামকে বিবেচনা করছেন। কিন্তু ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলতে চাননি, ‘এখন যে অবস্থা, তাতে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তো কেউ নেই। আমরা কিছু নাম বিবেচনা করছিলাম। কিছুই চূড়ান্ত হয়নি। পরে হয়তো এ নিয়ে আলাপ হবে।’
শাহরিয়ার নাফীস বললেন, তিনি এরকম একটি খবর শুনলেও তাকে কেউ কোনো প্রস্তাব দেয়নি। তাই তিনি এ নিয়ে ভাবেননি, ‘আমি দেখেছি এরকম একটা খবর। কিন্তু আনুষ্ঠানিকভাবে এরকম কিছু শুনিনি বা আমাকে কেউ প্রস্তাব দেয়নি। যে প্রস্তাব দেওয়াই হয়নি, সেটা নিয়ে ভাবিওনি আমি।’
পেসার মঞ্জুরুল ইসলামও একই ধরনের কথা জানালেন। তিনি বলছিলেন, ‘না, আমি এরকম কিছু জানি না। আমাকে কেউ জানায়নি। জানালে তখন ভাবব।’