শরীয়তপুরের ভেদরগঞ্জে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের একটি বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মহিষার ইউপির জাজিয়াহার খালের ওপর নির্মিত সড়ক ও জনপথ বিভাগের এ সেতুটি ভেঙে ২২ টন ওজনের একটি পাথরবাহী ট্রাক আটকা পড়ে। এতে সকাল থেকে সেতুটির দুই পাশে গাড়ি আটকে যায়। করোনায় ছুটি পেয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা দেওয়া যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছেন গাড়ির চালকেরা।
স্থানীয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে পাথরভর্তি একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় দুটি প্লেট বিধ্বস্ত হয়। তখন ট্রাকটি সেতুতে আটকে যায়। কিন্তু সংস্কার না হওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রাকচালক চঞ্চল মিয়া বলেন, বেনাপল থেকে ট্রাকভর্তি পাথর নিয়ে কুমিল্লা যাওয়ার পথে বেইলি সেতুটির প্লেটের নাট খুলে যায় এবং ট্রাকটির বাঁ পাশের চাকা দেবে যায়। আটকে পড়া ট্রাক চালক সালেক সরদার বলেন, কয়েকদিন পর পরই ব্রিজের বিভিন্ন অংশ ভেঙে গাড়ি আটকে যায়।
শরীয়তপুর সড়ক বিভাগের প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, ট্রাকটি উদ্ধারের পর ব্রিজটি মেরামতের কাজ করা হবে।