বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যোগে সচেতনতামূলক প্রচার-প্রচারণা অব্যাহত

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপির উদ্যোগে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। কর্মসূচির ৪র্থ দিনে মঙ্গলবার ভোর থেকে নগরীর গুচ্ছগ্রাম পলাশপুর, রসুলপুর এবং বিভিন্ন কলোনির ঘরে ঘরে গিয়ে দেওয়া হয় সচেতনতামূলক প্রচারপত্র। পরিবারের প্রত্যেক সদস্যদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কীভাবে হাত জীবাণুনাশক করবে তা শিখিয়ে দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির পক্ষে প্রচার-প্রচারণায় নেতৃত্ব দেন বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন। এ সময় বরিশাল জেলা ছাত্রলীগের সহসভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীর উপস্থিত ছিলেন। একই সঙ্গে বরিশাল সিটি করপোরেশন ও বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়নে মাইকের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা শুরু হয়।

বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি ইত্তেফাককে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল সদর উপজেলা ও বরিশাল সিটি করপোরেশনে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা এগুলো সাধারণ মানুষের মধ্যে বিতরণ করছে। একই সঙ্গে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজ চলমান রয়েছে। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে করোনা ভাইরাস কীভাবে প্রতিরোধ করতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ও হ্যান্ড গ্লাভস কীভাবে ব্যবহার করতে হবে তা শিখিয়ে দিচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ জানিয়েছি কোনো জনসমাগম না করতে। প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে। নিজে এবং পরিবারের সবার সচেতনতা বৃদ্ধি করতে। তিনি বলেন, আতঙ্ক নয় সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধে সাহায্য করবে।