হোম কোয়ারেন্টাইন অমান্য করায় ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

হোম কোয়ারেন্টাইন না মানায় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্যবসায়ী লিটন দাসকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় বোরহানউদ্দিন পৌর বাজারে ঐ ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে এ আদালত পরিচালিত হয়।

বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী জানান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মা লক্ষ্মী জুয়েলার্সের মালিক লিটন চন্দ্র দাস দুই দিন আগে ভারত থেকে বোরহানউদ্দিনে আসেন। তিনি কোয়ারেন্টাইনে না থেকে মন্দির, বাজারে ঘোরাঘুরিসহ তার ব্যবসা পরিচালনা করছেন। এমন সংবাদে সোমবার সন্ধ্যায় তার ব্যবসাপ্রতিষ্ঠান মা লক্ষ্মী জুয়েলার্সে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী জানান, করোনা ভাইরাস প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।