ধামরাইয়ে ব্যবসায়ীদের উদ্যোগে বিনা মূল্যে মাস্ক সাবান হ্যান্ড গ্লাভস বিতরণ

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা ও সচেতনতা ক্রমেই বাড়ছে ধামরাইয়ে। প্রথম দিকে বিভিন্ন অফিস আদালত ও গুরুত্বপূর্ণ স্থানে হ্যান্ডওয়াশ পয়েন্ট স্থাপন করা হয়। কয়েক দিনের মধ্যেই সতর্কতা ও সচেতনতার আরো উপায় যুক্ত হয়েছে। অন্যদের মতো কালামপুর বাজার বণিক সমিতি নামে ব্যবসায়ীদের সংগঠনটি কালামপুর গঞ্জে হ্যান্ডওয়াশ পয়েন্ট স্থাপন করেছে। কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রবিউল করিম সহকর্মী ও সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে গতকাল মঙ্গলবার হাত ধোয়ার পাশাপাশি দোকানপাটের মালিক-কর্মচারী-শ্রমিক ও সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে সাবান, মাস্ক, হ্যান্ডগ্লাভস ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন। বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই উদ্যোক্তাদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগে থেকেই ঋণ আদায় প্রক্রিয়া শিথিল করেছে এবং প্রতিরোধ ও সচেতনতমূলক কর্মকাণ্ডে অংশ গ্রহণ করছে। ধামরাই পল্লী বিদ্যুতের জোনাল অফিসে কর্মচারী ও গ্রাহকদের জন্য হ্যান্ডওয়াশ পয়েন্ট স্থাপন করা হয়েছে। ধামরাই থানাসহ বিভিন্ন জায়গায় স্প্রে করা হচ্ছে। করোনাকে পুঁজি করে যাতে ব্যবসায়ীরা বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সেজন্য এবং করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন, ধামরাই থানা পুলিশ ও বিভিন্ন সংস্থা ও সংগঠন মাঠে রয়েছে।