মামলা তুলতে আসামি পক্ষের ভয়ভীতি, চাপ

আড়াইহাজারে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তানিয়া নামে এক যুবতির চুল কেটে দেওয়ার ঘটনায় জড়িত সেই বখাটে আল আমিন ঘটনার চারদিন পরও গ্রেফতার হয়নি। উলটো মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে আসামি পক্ষ।

জানা গেছে, আড়াইহাজার পৌর সভার চামুরকান্দী গ্রামের ফয়েজ খন্দকারের বখাটে ছেলে আল আমিন ছয় মাস ধরে কামরানীরচর গ্রামের বিল্লালের মেয়ে তানিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। তানিয়া তাতে রাজি না হওয়ায় তার ওপর ক্ষিপ্ত ছিল আল আমিন। গত শনিবার সন্ধ্যায় তানিয়া বরপা থেকে বাড়ি ফেরার পথে কৃষ্ণপুরা গ্রামের কাছে পৌঁছালে তাকে চার/পাঁচ জন যুবক রাস্তা থেকে তুলে আল আমিনের বাড়িতে নিয়ে বিয়ের জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় আল আমিন ও তার সাঙ্গপাঙ্গরা তানিয়ার চুল কেটে দেয় এবং শরীরের বিভিন্ন অংশে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয়। সেই সঙ্গে তাকে মারপিটও করে। এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে বাড়ির পাশের খোলা মাঠে নিয়ে যায়।

এ ব্যাপারে তানিয়ার মা মোমেলা বেগম বাদী হয়ে রবিবার আড়াইহাজার থানায় আল আমিনসহ চার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মোমেলা বেগম জানান, আমরা গরিব মানুষ হওয়ায় মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে স্থানীয় প্রভাবশালী মহল। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মঞ্জুর হোসেন জানান, আমরা আসামি গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুত গ্রেফতার করতে সক্ষম হব।