গত ১৪ মার্চ দৈনিক ইত্তেফাকে ‘প্রতিপক্ষের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু :বাড্ডায় সিটি নির্বাচনের জের, আহত দুইজন’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টু। প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, বৃদ্ধা রোকেয়া বেগমের নাতি ফয়সালের অভিযোগ সত্য নয়। ফয়সালের মামা আলমগীর হোসেন একজন চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী। গত ১২ মার্চ রাত ৯টায় আলমগীর নেশাগ্রস্ত অবস্থায় প্রতিবেশীর গায়ে হলুদ অনুষ্ঠানে বাগিবতণ্ডায় ও হাতাহাতিতে লিপ্ত হয়। বিষয়টি স্থানীয় সালিশে মীমাংসা হয়। আলমগীরের অসুস্থ মা রোকেয়া বার্ধক্যজনিত কারণে চার বছর ধরে শয্যাশায়ী। শারীরিক অবস্থার অবনতি হলে তিনি কাকতালীয়ভাবে ঐ রাতেই হঠাত্ মারা যান। এই দুটি ঘটনার সঙ্গে বিগত সিটি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। মূলত মাদক নির্মূলে আমার গৃহীত উদ্যোগে ক্ষিপ্ত হয়ে আলমগীর রাজনৈতিক রং লাগিয়ে মিথ্যা মামলায় ৩১ জনকে হয়রানি করছে।