মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে চিকিত্সকদের জন্য ১২ হাজার ৫৬৬ সেট পিপিই বিতরণ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চিকিত্সা কাজে নিয়োজিত চিকিত্সক, নার্সসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মীদের ব্যবহারের জন্য ১২ হাজার ৫৬৬ সেট পিপিই বিতরণ করেছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের আটটি বিভাগীয় দপ্তরের আওতায় জেলা ও উপজেলা দপ্তরসমূহ দেশব্যাপী এই পিপিই বিতরণ শুরু করা হয়। গতকালও চলে এসব বিতরণ। এ প্রসঙ্গে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা করোনা রোগীর চিকিত্সাসেবায় নিয়োজিতদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের অব্যবহূত মজুতকৃত পিপিই বিতরণ করছি।