দুনিয়ার সব প্রান্তে যে যেভাবে পারছেন এখন করোনা যুদ্ধে শরিক হওয়ার চেষ্টা করছেন। সেই চেষ্টা থেকে কেউ অর্থ দান করছেন, কেউ নিজে তহবিল সংগ্রহ করছেন। এর মধ্যে সৌরভ গাঙ্গুলি প্রস্তাব দিয়েছে, পশ্চিম বঙ্গ রাজ্য সরকার চাইলে ইডেন গার্ডেন্সের বিশাল সুবিধাদিকে করোনা রোগীদের চিকিত্সার জন্য ব্যবহার করতে পারে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাবেক সভাপতি সৌরভ বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, রাজ্য সরকার চাইলে ইডেনের ইনডোর ট্রেনিং সুযোগ-সুবিধা ও খেলোয়াড়দের ডরমেটরি ব্যবহার করতে পারে, ‘সরকার যদি চায়, আমরা অবশ্যই এই সুযোগ-সুবিধা তাদের হাতে তুলে দেব। সময়ের প্রয়োজনে যে কোনো কিছু আমরা করব। এতে আমাদের কোনো সমস্যা নেই।’