ওসমানীনগরে প্রতারক চক্রের করোনার টিকা নিয়ে হুলস্থুল!

মসজিদে মাইকিং করে সতর্কতা

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

সিলেটের ওসমানীনগরে করোনা ভাইরাসের টিকা নিয়ে গ্রামে গ্রামে লোক ঢোকার খবরে হুলস্থুল শুরু হয়ে যায়। উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানিসহ পার্শ্ববর্তী এলাকায় এমন খবরে লোকজনের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। জানা গেছে, বুধবার সকালে করোনা ভাইরাসের টিকা নিয়ে দুই ব্যক্তি মাটিহানি গ্রামে প্রবেশ করে। এ সময় বাচ্চাদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে বলে তারা বাড়ি বাড়ি যায়।  দুপুরে স্থানীয় ইউপি সদস্যের পক্ষ থেকে সচেতনতার জন্য দুইটি মসজিদে মাইকিং করানো হয়। মসজিদে মাইকিং শুনে গ্রামের মানুষ সচেতন হলে লাপাত্তা হয়ে যায় ঐ টিকাদানকারী প্রতারকরা।

জানা যায়, উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানি এলাকায় করোনা ভাইরাসের টিকা প্রদানের জন্য বাড়ি বাড়ি যাচ্ছে। বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। উমরপুর ইউপি সদস্য সেলিম মিয়া বলেন, আমার কাছে একাধিক ফোন এসেছে যে, কারা যেন করোনা ভাইরাসের টিকা দিতে আমার ওয়ার্ডের অন্তর্ভুক্ত মাটিহানি এলাকায় অবস্থান করছে। এ ব্যাপারে গ্রামবাসীর সতর্কতার জন্য আমি স্থানীয় মসজিদে মাইকিং করিয়েছি। উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, এ রকম খবর আমিও পেয়েছিলাম। তবে কারা টিকা নিয়ে এসেছিল এ ব্যাপারে কেউই সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক বলেন, আমাদের কাছে এ ধরনের খবর নেই। এ ব্যাপারে কোনো মসজিদে যদি মাইকিং হয়ে থাকে তাহলে খোঁজ নিয়ে দেখব।