নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা গ্রামে জমিসংক্রান্ত সংঘর্ষে ইসরাফিল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, ঐ গ্রামে পারিবারিক বসতভিটা নিয়ে একই বংশের লোকদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত ২৩ মার্চ সংঘর্ষ বাধলে মৃত জহুর উদ্দিনের ছেলে ইসরাফিলসহ উভয়পক্ষের ছয় জন আহত হয়। মাথায় লাঠির আঘাতে গুরুতর আহত ইসরাফিলকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে মঙ্গলবার রাতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মো. আবুল হাসেম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।