স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেপির বিবৃতি
ইত্তেফাক রিপোর্ট
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম গতকাল এক যুক্ত বিবৃতিতে বলেছেন, এবারের স্বাধীনতা দিবস এসেছে করোনা ভাইরাসে আক্রান্ত জাতির এক দুর্যোগপূর্ণ সময়ে। এই সময়ে সব নাগরিককে নিজ নিজ অবস্থানে থেকে ১৯৭১-এর ন্যায় ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবিলায় আকুল আবেদন জানান তারা। জেপির নেতৃদ্বয় বলেন, ‘একই সঙ্গে আমরা এই দিবসে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করব। যেখানে থাকবে না ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, নিরক্ষরতা ও সাম্প্রদায়িক চিন্তা।’
আনোয়ার হোসেন মঞ্জু ও শেখ শহীদ বিবৃতিতে বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বাণীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১৯৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার যে সূর্য স্তমিত হয়েছিল, ১৯৭১ সালে জাতির পিতার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতার সেই সূর্য আবার উদিত হয়। ২৬ মার্চের পরবর্তী ৯ মাস বাংলাদেশের মুক্তিকামী মানুষ, মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর অসম বীরত্বপূর্ণ লড়াইয়ের মাধ্যমে দেশকে শত্রুমুক্ত করা হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে। স্বাধীনতা বিজয়ের এই লগ্নে জেপির নেতৃদ্বয় গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় স্মরণ করেন বঙ্গবন্ধু এবং ১৫ আগস্ট নিহত তার পরিবারবর্গ, কারাগারে নিহত চার জাতীয় নেতা ও বীর শহিদদের।
স্বাধীনতা দিবসের কর্মসূচি
করোনা ভাইরাসের আগ্রাসনের কারণে এবার জেপির পক্ষ থেকে স্বাধীনতা দিবসের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। নিজ নিজ গৃহে অবস্থান করেই জাতির পিতা বঙ্গবন্ধুসহ সব শহিদ মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনা করতে জেপির সাধারণ সম্পাদক সবার প্রতি আহ্বান জানান।