করোনার কারণে সারাদেশে রেল, নৌ ও আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ (বৃহস্পতিবার) থেকে সারাদেশে বন্ধ গণপরিবহন। এ কারণে গতকাল বুধবার রাজধানীর গাবতলী বাসটার্মিনালসহ অন্য টার্মিনালগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। যেন ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষের দৃশ্য। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও অনেকেই মানছেন না তা।
জীবিকা কিংবা বিভিন্ন প্রয়োজনে রাজধানীতে থাকা লোকজন মনে করছেন, এ সময় রাজধানী তাদের জন্য নিরাপদ নয়। তাই দলে দলে বাড়ি ফিরছেন। যদিও তাদের এ ভ্রমণ বেশ ঝুঁকিপূর্ণ।
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে এনা পরিবহনের জেনারেল ম্যানেজার সৈয়দ আতিক জানান, মঙ্গলবার রাত থেকে যে যাত্রী চাপ তা তিনি ঈদের সময়ও দেখেননি। তারা চালক ও হেলপার সংকটে পড়েছেন।
ঢাকা মহানগরীর একটি সুপারশপে কাজ করেন রিয়াজুল ইসলাম রমজান। থাকেন মিরপুর-১ এর প্রথম কলোনিতে। করোনা ভাইরাসের কারণে কর্মস্থল ছুটি ঘোষণা করায় ফরিদপুরে গ্রামের বাড়ি যাচ্ছেন তিনি। তবে তিনি জানান, ফরিদপুরের বাস পেতে বেগ পেতে হয়েছে তাকে। আসন খালি নেই। তাই গাদাগাদি করেই যেতে হচ্ছে বাড়ি।