পার্বত্য চট্টগ্রামে হামে ৮ শিশুর মৃত্যু, আক্রান্তদের পাশে সেনাবাহিনী

সারা বিশ্বে যখন করোনা ভাইরাস আতঙ্কে তোলপাড় তখন পার্বত্য চট্টগ্রামে ছড়িয়ে পড়েছে হাম রোগ। গত কয়েক দিনে এই রোগে আক্রান্ত হয়ে সাজেকের দুর্গম পাহাড়ি এলাকা অরুণপাড়া, লুথিয়ান পাড়া ও কমলাপুরপাড়া গ্রামে অন্তত আট জন উপজাতীয় শিশু প্রাণ হারিয়েছে। আরো শতাধিক মানুষ হাম পরাগে আক্রান্ত বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। আক্রান্ত এলাকায় চিকিত্সা সহায়তা দেওয়ার লক্ষ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বেসামরিক ও সামরিক চিকিত্সকদের সমন্বয়ে একটি দল গত মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে। গতকাল বুধবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে সাজেকের শেয়ালদহ এলাকা থেকে হামে আক্রান্ত পাঁচ জন শিশুকে চট্টগ্রামে আনা হয়েছে।