করোনার বিল পাস হয়নি কানাডার সংসদে

জরুরি ভাবে ঘোষিত ৮২ বিলিয়ন ডলারের তহবিল অনুমোদন দিতে মঙ্গলবার (২৪ মার্চ ) দুপুরে হঠাৎ করে স্বল্প সময়ের জন্য  কানাডার সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়। এই জরুরি অধিবেশনে সর্বমোট ৩৩৮ জন সাংসদ থেকে বেছে বেছে ৩২ জনকে পার্লামেন্টে আসতে বলা হয়েছিল। করোনা ভাইরাসের কারণে নিরাপদ দূরত্বে বসিয়ে কোরাম পূর্ণ করার জন্য সব দলের ঐক্যমতেই এই ব্যবস্থা। কিন্তু বিলটি পাশ হয়নি। প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির বিরোধীতার মুখে সংসদের অধিবেশনই স্থগিত হয়ে যায়।  

পরে জাস্টিন ট্রুডো তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, দেশের কঠিন এই সময়ে নাগরিকদের প্রতিশ্রুত সহায়তা দ্রুত পৌঁছে দেয়ার জন্যই দ্রুত এই বিলটি পাশ হওয়া খুবই জরুরি ছিলো।

এ সম্পর্কে সিবিসি টেলিভিশনে কনজারভেটিভ পার্টির নেতা এন্ড্রু শিয়ার বললেন, গত কিছুদিন ধরেই আমরা সব রাজনৈতিক দল আলোচনা করেছি, কিভাবে মানুষের জন্য অর্থনৈতিক সাহায্যের ব্যবস্থা  করা যায়। জাতীয় এই দুর্যোগের সময় সরকারকে সব রকম সাহায্য দেবার সৎ উদ্যেশ্য নিয়েই আমরা সবাই আজকে এসেছিলাম। তবে আগামী প্রায় ২০ মাস সংসদের কোনো রকম অনুমতি ছাড়া যে কোনো খরচ করা আর কর আরোপের ক্ষমতা চেয়ে সরকার যে ধারাটি এই বিলে যোগ করেছেন, এটা আমাদের আগে জানানোই হয়নি। বিল-এ এই ধারাটি দেখে আমরা অবাক হয়েছি এবং এর বিরোধিতা করেছি’।

পরে অবশ্য সরকার দ্রুতই বিলটি থেকে ওই ধারাটি বাদ দেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পরবর্তীতে এক টুইটে এই ধারাটি বাদ দিতে রাজী হবার কথা বলেছেন। এই সময়ে এনডিপি প্রধান জাগমিত সিং এবং গ্রীন পার্টির প্রতিনিধি অবশ্য কোনো মন্তব্য করেননি।

এদিকে করোনা সংক্রান্ত কানাডার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে, কানাডায় আজ আক্রান্ত ৭০১ জন, মৃত ২ জন! মোট মৃত সংখ্যা দাঁড়ালো ২৮ জনে। আর আক্রান্ত ২,৭৯২। সুস্থ হয়েছেন ১১২ জন।

ইত্তেফাক/এসআই