বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা পরিচালনার জন্য তিন সদস্যের প্রসিকিউশন টিম গঠন করেছে সরকার। ঐ টিমে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। এছাড়া স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে রয়েছেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজী ও মো. আবু আব্দুল্লাহ ভুঞা। গতকাল বুধবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রসঙ্গত গত বছর ছাত্রলীগের নির্যাতনে মারা যান আবরার ফাহাদ। পরে ডিবি পুলিশ ঐ হত্যা মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। তারা সবাই বুয়েটের শিক্ষার্থী। এরপরই সরকার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের সিদ্ধান্ত নেয়। তারই অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত গেজেট জারি করে। সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ মামলাটি বিচারের জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ পাঠিয়েছেন। এর আগে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাত্ করে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য আবরারের বাবা অনুরোধ জানিয়েছিলেন।