ভারতের কোলকাতা শহরে মেট্রোরেলে আগুন লেগে ১১ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ময়দান স্টেশনে দমদমগামী একটি এসি ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পর মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয়া হয়। খবর এনডিটিভির।
পুলিশ জানায়, ময়দান স্টেশনে ঢোকার মুখে দমদমগামী একটি এসি ট্রেনের প্রথম কোচে হঠাৎ আগুন লেগে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে অনেকেই প্রবীণ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আহত হওয়া যাত্রীর সংখ্যা ১১জন। তবে তাঁদের বের করে নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। কাজ করেছে কলকাতা পুলিশের দুর্যোগ মোকাবেলা বাহিনীও। সন্ধ্যা সাড়ে ছ'টার পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।
ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তা খতিয়ে দেখার কথা বলছে কর্তৃপক্ষ। সুড়ঙ্গের মধ্যে ধোঁয়া দেখতে পাওযায় স্বভাবতই যাত্রীরা বেশি আতঙ্কিত হয়ে পড়েন।
ইত্তেফাক/টিএস