করোনা ভাইরাসে সংক্রমণ রুখতে শুধু লকডাউন পদ্ধতি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার একটি ভিডিও বার্তা টুইট করে এ তথ্য জানিয়েছেন ডব্লিউএইচও এর মহাসচিব টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস।
তিনি জানান, কোভিড ১৯ করোনা ভাইরাসের সংক্রমণ রোধের জন্যে, অনেক দেশই ‘লকডাউন’ ব্যবস্থা চালু করেছে। তবে শুধুমাত্র এই লকডাউন পদ্ধতিই করোনা ভাইরাসে রুখে দিতে যথেষ্ট পদক্ষেপ নয়। এই মহামারিকে হার মানাতে হলে বিশ্বের সব দেশকে একসঙ্গে ভাইরাসটির আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই ভাইরাসটি সঙ্গে লড়াই করে সাফল্য পেতে হলে, একটি দ্বিতীয় উইন্ডো বা দ্বিতীয় পথও বের করতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও জানান, লকডাউনের মাধ্যমে কেবল মাত্র সংক্রমণ কমানো যেতে পারে কিন্তু ওই মহামারির বিরুদ্ধে জেতা যাবে না। লোকজনকে ঘরবন্দি করে রাখলে হয়তো স্বাস্থ্য সুরক্ষার জন্য কিছুটা সময় পাওয়া যাবে, কিন্তু করোনা প্রাদুর্ভাব পুরোপুরি দূর করা যাবে না। তাই রোগটিকে খুঁজে দেখুন, বিচ্ছিন্ন করুন, পরীক্ষা করুন, যথাযথ চিকিৎসা করুন।
আরও পড়ুন: করোনা: বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়ালো
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যমতে, করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ২১ হাজার ২শ জন মারা গেছেন। এছাড়া এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৪ লাখ ৭২ হাজার মানুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ১৪ হাজার জন।
ইত্তেফাক/আরআই