করোনা প্রতিরোধে কেরু ডিস্টিলারির স্যানিটাইজার বাজারজাত শুরু

সোমবার থেকে দেশের সব থেকে বড়ো ও ভারী শিল্প প্রতিষ্ঠান দর্শনা কেরু চিনিকলের ডিস্টিলারি বিভাগের ল্যাবরেটরিতে উত্পাদিত হ্যান্ড স্যানেটাইজার স্বল্প পরিসরে বাজারজাত শুরু হয়েছে। এই জীবাণুনাশক করোনা ভাইরাস প্রতিরোধে ভালো কার্যকর বলে কর্তৃপক্ষের দাবি। এদিন পরীক্ষামূলক ৩ হাজার বোতল (১০০ এমএল) উত্পাদন করে ঢাকা পাঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছেন।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল পরিচালিত হয়ে থাকে। কেরু কোম্পানিতে প্রধানত চিনি ও মানসম্পন্ন স্পিরিট উত্পাদন হয়ে থাকে যা দেশে-বিদেশে বেশ সুনাম অর্জন করেছে । ১০০ মিলির একটি বোতলের বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে মাত্র ৬০ টাকা। সোমবার চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদ আলি আনছারী ও ডিস্টিলারি ল্যাবরেটরিতে কর্তব্যরত রসায়নবিদ মো. ফিদা হাসান বাদশা সাংবাদিকদের জানান, কেরুর ডিস্টিলারিতে যে মানের স্পিরিট তৈরি করা হয়, তা কোথাও হয় না। এখানে ইথানল উত্পাদনের সক্ষমতা রয়েছে। সাধারণত ইসো প্রোপাইল এলকোহল ব্যবহার করে স্যানেটাইজার তৈরি করা হয়, তবে ইথানলও সমানভাবে কার্যকর।