করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারি আকার ধারণ করায় অর্থনীতির যে ক্ষতির আশঙ্কা করা হয়েছে সেটি ২০০৮ সালের মন্দার চেয়েও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ববাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। এক ভিডিও বার্তায় গতকাল বৃহস্পতিবার সংস্থাটির মহাপরিচালক (ডিজি) রবার্তো অ্যাজেভেদো অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় সব দেশকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এতে তিনি উল্লেখ করেন, কোভিড-১৯ এর প্রভাবে অর্থনীতির নেতিবাচক গতি ও লাখ লাখ মানুষ বেকার হওয়ার ফলে পরিস্থিতি আগের মন্দার চেয়েও ভয়াবহ হবে। এই মহামারিতে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে প্রায় আড়াই কোটি মানুষ চাকরি হারাতে পারে বলে আগেই সতর্ক করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
ডব্লিউটিওর ডিজি বলেন, অর্থনীতির প্রকৃত পূর্বাভাস এখনো না মিললেও বিশ্ববাণিজ্যে বড়ো ধরনের পতন হবে। তাত্ক্ষণিক অর্থনৈতিক ক্ষতি কমিয়ে আনতে জরুরি পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ মেয়াদে ঘুরে দাঁড়ানোর ভিত্তি স্থাপন করতে দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, দেশগুলোর প্রচেষ্টা সমন্বিত হলে মন্দা মোকাবিলায় সামষ্টিক ক্ষমতা বাড়বে। বিভিন্ন দেশের সরকারি প্রণোদনামূলক পদক্ষেপকে ‘ইতিবাচক’ হিসেবে প্রশংসা করার পাশাপাশি দেশগুলোকে আরো স্বচ্ছ হয়ে তথ্য বিনিময় করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, জেনেভায় ডব্লিউটিওর সদর দপ্তরে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর কার্যালয়ে মুখোমুখি সংবাদ সম্মেলন বন্ধ রয়েছে। সেই সঙ্গে আগামী জুন মাসে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য সংস্থাটির দ্বিবার্ষিক বৈঠকও স্থগিত করা হয়েছে।