ঝরে যাচ্ছে আমের মুকুল

রংপুরের গঙ্গাচড়ায় সম্প্রতি কয়েক দফা বৃষ্টি ও কুয়াশার কারণে ঝরে পড়ছে আমের মুকুল। এতে ফলন কম হওয়ার আশঙ্কায় বাগান মালিক ও চাষিদের মাথায় হাত পড়েছে। তাদের দাবি, এবার এ উপজেলায় লক্ষ্যের অর্ধেকের চেয়ে কম উত্পাদন হবে। অন্যদিকে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এখানে করার কিছু নেই। এটি প্রকৃতির ব্যাপার। চাষিরা জানান, এক মাস যে মুকুল এসেছিল তাতে এবার আমের বাম্পার ফলন আশা ছিল। সরেজমিনে দেখা গেছে, আমগাছে আর মুকুল নেই। শুধু বোটাগুলো আছে। কিসামত হাবু গ্রামের দিনেশ চন্দ্র, কান্দুরা বলেন, সব ঝরে গেছে। এবার খাওয়ার আমও হবে না। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে কৃষকদের মুকুল আসার আগে একবার আর আমের গুটি হওয়ার পর আরেকবার স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।