আমতলী থানা থেকে শানু হাওলাদার নামে এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রীর অফিস কক্ষের ফ্যানের সঙ্গে লাশটি ঝুলতে দেখা যায়। বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে দায়িত্ব অবহেলার দায়ে ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী ও ডিউটি অফিসার এ এস আই আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নিহতের পরিবার অভিযোগ করেছে, গত ২৩ মার্চ রাতে গুলিশাখালীর কলাগাছিয়ার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে এবং নির্যাতন করে হত্যা করে। তবে পুলিশ সূত্র জানায়, ২৫ মার্চ রাতে ইব্রাহিম হত্যা মামলায় সন্দেহজনকভাবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোনো ধরনের নির্যাতন করা হয়নি। পুলিশের দাবি শানু আত্মহত্যা করেছে।
পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, কি কারণে আটককৃত আসামি মারা গেল তা তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে কেউ জড়িত কি না বা কারো অবহেলা আছে কি না তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।