করোনা ভাইরাস সংক্রমণ সন্দেহে বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া ২৫০ শষ্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সাত মাস বয়সি একজনকে শিশু ওয়ার্ড থেকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এর আগে গত ২৪ মার্চ জ্বর, ঠান্ডা, কাশিতে আক্রান্ত শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। আরএমও ডাক্তার তাপস কুমার সরকার জানান, শিশুটি করোনায় আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে ।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ মার্চ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তির পর শিশুটির অবস্থার কোনো উন্নতি না হয়ে বরং ক্রমাগত অবনতি ঘটে। এছাড়া প্রবাসীর সংস্পর্শে আসার কেস হিস্ট্রি পেয়ে বৃহস্পতিবার দুপর ১২টার দিকে শিশুটিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। বর্তমানে নিউমোনিয়ায় আক্রান্ত রোগী হিসাবে শিশুটির চিকিত্সা চলছে। তবে তার রক্তের নমুনা সংগ্রহের জন্য ঢাকার আইইডিসিআরকে খবর দেওয়া হয়েছে বলে হাসপাতালের আরএমও জানান।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন জানান, ঐ পরিবারের সব সদস্যকে কোয়ারেন্টাইনে রাখার কার্যক্রম শুরু করা হয়েছে। প্রয়োজন হলে পুরো বাড়িটিকে লকডাউন করা হবে বলে তিনি জানান।