মহাদুর্যোগের কবলে দেশ, বিশ্ব তথা মানব জাতি। এই বিশ্বমহামারির নাম করোনা ভাইরাস। অদৃশ্য মারণঘাতকের কাছে মানুষ কতোটা অসহায়, তা বুঝিয়ে দিল ‘করোনা’। আমাদের দেশে গতকাল থেকে দশদিনের ছুটি শুরু হয়েছে। সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে এই দশদিন। নিকট বা দূর অতীতে বিশেষ করে সমকালে এমন ঘটনা বিরল। যা হোক, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। সবার আশা, এই মহাদুর্যোগ অচিরেই কেটে যাবে।
কথা হলো, আমাদের দেশের সাধারণ মানুষ গল্পপ্রিয়। অপ্রয়োজনীয় বা ফালতু কথাবার্তায় ঘণ্টার পর ঘণ্টা সময় পার করতে পারে। অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে কিছু কিছু প্রতিষ্ঠান হোম অফিস চালু করেছে। কর্মীরা ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে কাজ করছেন। যাঁদের ঘরে বসে কাজ করার সুযোগ নেই, তাদের হাতে অফুরন্ত অবসর। টানা এই অবসর কাটানোর উত্তম উপায় বইপড়া। যাঁরা দূরদর্শী এবং পড়ুয়া তাঁদের ব্যক্তিগত সংগ্রহ আছে। আছে পারিবারিক গ্রন্থাগার। কেউ না বললেও তাঁরা বই পড়ে দিব্যি সময় কাজে লাগাচ্ছেন। ‘বোর ফিল’ (একঘেয়েমি অনুভব) করেন না। তাই বলব, ভালো বই সবসময়ের জন্য উত্তম সঙ্গী। মহাজ্ঞানী শেখ সা’দী বলেছেন, ‘রুটি-পানীয় ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলা হয়ে যাবে, কিন্তু একখানা ভালো বই অনন্ত যৌবনা।’ এই মহাজ্ঞানী বেহেশতেও বই কামনা করেছেন!
এমদাদ হোসেন ভূঁইয়া
বাড়ি ২২২, সড়ক ৬, ব্লক ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা ১২২৯