এক বছর আগে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুই মসজিদে নির্বিচার গুলি চালিয়ে ৫১ জনকে খুনের দায় স্বীকার করেছেন অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট। ট্যারেন্ট আরো ৪০ জনকে খুনের চেষ্টা ও সন্ত্রাসবাদের দায়ও স্বীকার করেছেন। এর আগে এসব অভিযোগ অস্বীকার করেছিলেন ২৯ বছর বয়সি এ শ্বেতাঙ্গ বর্ণবাদী।
গত বছরের ১৫ মার্চ দেশটির ক্রাইস্টচার্চ শহরের দুইটি মসজিদে জুমার নামাজে আসা মুসল্লিদের ওপর সশস্ত্র বন্দুকধারী ট্যারেন্ট আধা-স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ট্যারেন্ট তার হামলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারও করে। ঐ হামলাকে নিউ জিল্যান্ডে শান্তিকালীন সবচেয়ে বড়ো ‘নির্বিচার হত্যা’ হিসেবে অভিহিত করা হয়। এই হত্যাকাণ্ডের জেরে নিউ জিল্যান্ড বন্দুক আইন কঠোর করা হয়। বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে মহামারির রূপ নেওয়া নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিউ জিল্যান্ড এখন লকডাউন অবস্থায় আছে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার ক্রাইস্টচার্চ হাইকোর্টে এক সংক্ষিপ্ত শুনানিতে ঐ অভিযোগগুলোর দায় স্বীকার করেন ট্যারেন্ট।