করোনা মোকাবিলায় সকল রাজনৈতিক দলকে সম্পৃক্ত করুন —ওয়ার্কার্স পার্টি

করোনা সংক্রমণ মোকাবিলায় সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল দলটির পলিটব্যুরো এক বিবৃতিতে সরকারের প্রতি এই আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মানুষ দুর্ভোগকে সবসময়ই সাহসের সাথে মোকাবিলা করেছে, এবারও করবে। স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কালক্ষেপণ, অদূরদর্শী ও অপ্রয়োজনীয় মন্তব্য মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারছে না, ফলে গুজব তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রীর ভাষণ সে ক্ষেত্রে আস্থা সৃষ্টি করলেও বাস্তবে তার প্রয়োগ পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হবে।

করনো ভাইরাস সংক্রমণের কারণে সংকটগ্রস্ত রপ্তানিমুখী শিল্পের শ্রমিক কর্মচারীদের ভাতা প্রদানের জন্য পাঁচ হাজার কোটি টাকা তহবিল গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়ে পলিটব্যুরো বিবৃতিতে একইসঙ্গে যে দরিদ্র মানুষকে ১০ টাকা দরে চাল প্রদান, ‘ঘরে ফেরা’ কর্মসূচিতে যারা গ্রামে ফিরে যেতে চায় তাদের সহায়তা প্রদান, জেলা প্রশাসনের মাধ্যমে গরীব মানুষদের জন্য ছয় মাসের খাবার সংস্থান ও গৃহহীনদের গৃহতৈরি করে দেওয়ার প্রধানমন্ত্রীর ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করা হয়।