রূপগঞ্জে মহিলা লীগ নেত্রীকে ১ লাখ টাকা জরিমানা

সরকারি কাজে বিঘ্ন ঘটানোর দায়ে রূপগঞ্জ উপজেলা মহিলালীগের সাংগঠনিক সম্পাদক ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেহানা আক্তারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এ জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বুধবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাতৃত্বকালীন ভাতা, গর্ভকালীন ভাতা প্রদান করাসহ ইন্টারনেটের মাধ্যমে উপজেলা প্রশাসনের সব দপ্তরের সরকারি কাজ করার সময় কোনো কারণ ছাড়াই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও সরক্ষিত মহিলা ইউপি সদস্য রেহেনা আক্তারের মালিকানাধীন ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান আশিক এন্টারপ্রাইজ। তারা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সরকারি কাজে বিঘ্ন ঘটায়। এ ঘটনায় রূপগঞ্জ থানা পুলিশ বুধবার সন্ধ্যায় রেহানা আক্তারকে আটক করেন। রাতেই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ভোক্তা অধিকার আইনে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন তাকে।

করোনা সতর্কতায় লিফলেট ও জীবাণুনাশক স্প্রে

রূপগঞ্জে করোনা প্রতিরোধে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিকের উদ্যোগে সচেতনামূলক লিফলেট বিতরণ ও এলাকার অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। গতকাল সকালে কাঞ্চন বাজারে এ কার্যক্রম শুরু হয়। পরে পর্যায়েক্রমে পৌরসভার গ্রামে গ্রামে এ লিফলেট বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করা হবে বলে মেয়র জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কর্মকর্তা আমিরুল ইসলাম, মোস্তফা মোল্লা, প্লাবন দেবনাথ, শাহিন মিয়া, শরীফ মিয়া, শাকিল আহমেদ টিপু, সজিব মিয়া ও কাউন্সিলর মফিকুল ইসলাম খান প্রমুখ।