সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আট জন নিহত হয়েছেন। বগুড়ার শেরপুরে পৃথক দুর্ঘটনায় দুই জন, রংপুরে পৃথক দুর্ঘটনায় দুই জন এবং রাজশাহীতে দুই জন নিহত হয়েছেন। এছাড়া কুষ্টিয়াতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
শেরপুর (বগুড়া) : শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ট্রাক উলটে এবং ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়া-ঢাকা মহাসড়কে ছোনকা মজুমদার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হচ্ছেন— মাইক্রোবাস চালক কক্সবাজার সদরের ইস্ট করলিয়া সিকদারপাড়ার রমিজ আহম্মেদ সিকদারের ছেলে মজিবুর রহমান (৩০) ও শেরপুরের ছোনকা দক্ষিণপাড়া মৃত আরজ আলীর ছেলে আজগর আলী (৫৫)।
কুষ্টিয়া : শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর নিচে চাপা পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র নিহত হয়েছেন। নিহত ছাত্রের নাম শিহাব আলী (২২)। বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাইফুন ব্রিজ সংলগ্ন চুনিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে শিহাব আলী নিজেই কাঠ বোঝাই আলমসাধু গাড়ি চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় পথিমধ্যে যানবাহনটি উলটে রাস্তার পাশে পড়ে গেলে শিহাব ঐ গাড়ির নিচে চাপা পড়েন। শিহাবের মৃত্যুর খবরে এলাকাবাসী ও তার সহপাঠিদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।
স্টাফ রিপোর্টার রংপুর : রংপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। একজন বাস চাপায় অপর জন মাইক্রোবাসের ধাক্কায়। পুলিশ জানায়, জেলার কাউনিয়ার বেইলীব্রিজ এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অজ্ঞাত (৫২) এক ব্যক্তিকে একটি মাইক্রোবাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কাউনিয়া থানায় একটি মামলা হয়েছে।
ঘিওর (মানিকগঞ্জ) : ঘিওরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘিওর উপজেলার তরা ক্রসব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হযরত আলী (৪০)। তিনি ঢাকার তুরাগ থানার কালীবাড়ী কাউনিয়া এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে।
রাজশাহী : গোদাগাড়ীতে বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হন ১৫ জন। তাদের মধ্যে আট জনকে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার ভোরে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের লালদীঘি মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।