করোনা: পাকিস্তানে প্রান্তিক এলাকায় ঠেলে দেয়া হচ্ছে আক্রান্তদের

স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের করোনায় আক্রান্ত রোগীদের আজাদ কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানের প্রান্তিক এলাকাগুলোতে পাঠিয়ে দেয়া হচ্ছে। নিজেদের প্রতিবেদনে এমনটি বলেছে ভারতীয় সংবাদমাধ্যম  ইকোনমিক টাইমস। 

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, করোনা রোগীদের জন্য আজাদ কাশ্মীরের মিরপুর শহর এবং গিলগিট-বালতিস্তানের বিভিন্ন শহরে কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে। ইতোমধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে বেশ কিছু করোনা আক্রান্ত রোগী ওই সব কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে বলে দাবি করেছে ইকোনমিক টাইমস।

এদিকে করোনা রোগীদের কোয়ারেন্টাইন সেন্টার করায় পাকিস্তানের আজাদা কাশ্মীর এবং গিলগিট বালতিস্তানের স্থানীয়রাও বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা বলছে্ন, পাকিস্তান সরকারে এমন সিদ্ধান্ত তাদের জীবনকে হুমকি মুখে ফেলে দিয়েছে। স্থানীয়দের দাবি, পাঞ্জাব প্রদেশে পাকিস্তানের সেনা কর্মকর্তারা বাস করায় সেখান থেকে করোনা রোগীদের জোর করে ওই সব প্রান্তিক এলাকায় পাঠাচ্ছে।

এ বিষয়ে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফারবাদের বাসিন্দা জাফর ইসমাইল বলেন, পাকিস্তান সেনাবাহিনী শুধু পাঞ্জাব নিয়ে ভাবে । তারা কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানকে ডাস্টবিন হিসেবে দেখছে। 

প্রান্তিক এলাকায় করোনা রোগীদের পাঠিয়ে দেয়ার বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ  ড. আমজাদ আইয়ুব মির্জা বলেন, পাকিস্তানে সুশাসনের অভাব থাকায় সেনাবাহিনীর হাতে সব ক্ষমতা দেয়া হয়েছে। সেনাবাহিনীরা তাদের স্বার্থের জন্য সবকিছু করে। 

পাকিস্তানে এখন পর্যন্ত ১ হাজার জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

ইত্তেফাক/এআর