করোনা ভাইরাস মোকাবিলা ও করোনা ভাইরাস সম্পর্কিত তথ্য ও সেবা দিতে একটি ওয়েবসাইট চালু করেছে অ্যাক্সেস টু ইনফরমেশন বা এটুআই। করোনা ডটগভ ডটবিডি (corona.gov.bd) নামের ঐ ওয়েবসাইটটির মাধ্যমে তথ্যপ্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রাম করোনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। ডাক্তারসহ বিভিন্ন স্টেকহোল্ডার ও পার্টনারদের নিয়ে অনলাইন ভিত্তিক কর্মশালা ও সেমিনার আয়োজন, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মিডিয়ার জন্য ইনফোগ্রাফিক, অ্যানিমেশন, গ্রাফিক্যাল পোস্ট, বিশেষজ্ঞ ডাক্তার ও সেলিব্রেটিদের ইন্টারভিউ, সচেতনতামূলক অডিও ভিজ্যুয়াল কনটেন্ট প্রস্তুত এবং তা সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সরকারি-বেসরকারি সংস্থা, এনজিও-আইএনজিও, প্রাইভেট পার্টনারদের সঙ্গে যুক্ত হয়ে ৩৬০ ডিগ্রি প্রক্রিয়ায় একসঙ্গে প্রচার করা হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এটুআই। এছাড়াও সামাজিক মাধ্যমসহ নানা মাধ্যমে মিথ্যা সংবাদ ও গুজব প্রতিরোধে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কনটেন্ট তৈরি ও প্রচার হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে। পাশাপাশি দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইসিডিআরের নিয়মিত ব্রিফিং লাইভ সম্প্র্রচার করছে এটুআই। এটুআই প্রোগ্রাম করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য ও সেবা প্রদানের জন্য ইতিমধ্যে ৩৩৩ নম্বরকে একটি উবার-ডক্টর মডেলে পরিচালনা করছে। এর পাশাপাশি ‘মুক্তপাঠ’ প্লাটফরমে করোনা ভাইরাস প্রতিরোধবিষয়ক কোর্স সম্পন্ন করার মাধ্যমে একাধিক ডাক্তার তাদের নিজ নিজ সময়ে এই উবার-ডক্টর মডেলে যুক্ত হয়ে ২৪ ঘণ্টা সেবা দিচ্ছেন।