করোনার ওয়েবসাইট চালু করল গুগল

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সম্পর্কিত নির্দেশনা ও পরীক্ষার বিষয়ে তথ্য জানাতে একটি ওয়েবসাইট চালু করেছে। প্রাণঘাতী কভিড-১৯-এর উত্পত্তিস্থল চীন হলেও বর্তমানে ভাইরাসটির সংক্রমণ ইউরোপ ও আমেরিকায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর উদ্যোগের অংশ হিসেবে এ ওয়েবসাইট চালু করেছে অ্যালফাবেট ইনকরপোরেশন নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি।

গুগল কর্তৃপক্ষের ব্লগ পোস্টে জানানো হয়, নতুন ওয়েবসাইটে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ সম্পর্কে বিভিন্ন গবেষণা ও লিংক দেয়া থাকবে, যা আগামী দিনগুলোয় আরো অনেক ভাষায় ভিন্ন দেশে চালু করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মার্কিন সরকারের সঙ্গে মিলে একটি ওয়েবসাইট বানাতে কাজ করছে গুগল। গত সপ্তাহে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই এমন তথ্য প্রকাশ করেন। তবে করোনাভাইরাসের কারণে স্থানীয় ও জাতীয় নির্দেশনায় উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আসায় ওয়েবসাইট উন্মোচন কিছুটা পেছানো হয়। আমেরিকার প্রায় সব অঙ্গরাজ্যে এরই মধ্যে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস সংক্রমণ।                              সূত্র :রয়টার্স