করোনা শনাক্ত বৃদ্ধার সেবা দেওয়া চিকিৎসকরা আক্রান্ত হননি

কক্সবাজারে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া বৃদ্ধাকে চিকিৎসা দেওয়া তিন চিকিৎসকের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ওমরাহ ফেরত সেই বৃদ্ধার গত মঙ্গলবার করোনা পজিটিভ আসার পর থেকে কক্সবাজার সদর হাসপাতালের এ তিন চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে ছিলেন। চিকিৎসকগণ আল্লাহর শোকরিয়া আদায় করছেন। 

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) এ তিন চিকিৎসকের পরীক্ষার রিপোর্ট দিয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।

ওই তিন চিকিৎসকের করোনা রিপোর্ট নেগিটেভ আসার বিষয়টি নিজেদের ফেসবুক ওয়ালে পোস্ট করে করোনায় আতংকিত না হতে আহ্বান জানিয়েছেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ দায়িত্বশীল অন্যরা।   

আরও পড়ুন: গুটিবসন্ত, পোলিও নিশ্চিহ্নের মত করোনা প্রতিরোধেও ভারতের দিকে তাকিয়ে বিশ্ব: ডা মাইক রায়ান

এদিকে, কক্সবাজারে করোনা পজিটিভ বলা বৃদ্ধার সেঝো ছেলে মুঠোফোনে বলেন, ওমরাহ থেকে ফেরার পর মায়ের (করোনা পজিটিভ বৃদ্ধার) সংস্পর্শে বেশি যাওয়া আমার ছোট ভাই, ভাগিনা-ভাগ্নি, সঙ্গে থাকা বোন কারোই আলহামদুলিল্লাহ করোনার লক্ষণ দেখা যায়নি আজ অবধি। সর্বশেষ মাকে চিকিৎসা দেওয়া তিন ডাক্তারের নমুনা পরীক্ষাতেও নেগেটিভ রিপোর্ট এসেছে। সে হিসেবে আমার মায়ের রিপোর্টটি নিয়ে একটু সন্দেহ কাজ করছে। আমাদের অনুরোধ মায়ের করোনা নমুনা পুন:রায় পরীক্ষা করা হোক। সাথে পরীক্ষা করা হোক আমরা যারা লকডাউন অবস্থায় রয়েছি তাদের।

ইত্তেফাক/এসি