এভাবে নিজ দেশেই গৃহবন্দি থাকতে হবে জীবনেও ভাবিনি:জোহান

জোহান আলমগীর। দীর্ঘদিন ধরে আমেরিকায় প্রবাস জীবনযাপন করলেও বাংলাদেশের অন্যতম রকস্টার হিসেবেই তার পরিচয় অনেক পুরনো। এদেশে একেবারে নতুন ঘরানার মিউজিকে তাক লাগিয়ে দিয়েছিল যখন তাদের ব্যান্ডদল সাবকনসাস। এদেশে প্রথম কমিক রকের প্রবর্তক জোহানের ব্যান্ডদলটিই।

সেসময় প্রচলিত মিউজিক ঘরানার ভেতরে একেবারে আলাদা ঢঙের কম্পোজিশনে সবাইকে মগ্ধ করেছিল ব্যান্ডদলটি। এরপর দীর্ঘপথ। ব্যান্ড মেম্বারদের ব্যক্তিগত জীবনের ধারাবদলে অনেককিছু্ই বদলে যায়। জোহান আলমগীর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে একটি সাউন্ড কোম্পানির সঙ্গে কাজ করছেন তিনি।

এছাড়াও দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত মিউজিক কম্পোজার ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে কাজ করেন তিনি অনেকবছর। সর্বশেষ একসঙ্গে তারা ফোবানার থিম ট্র্যাক তৈরি করেন। গত ১৮ জানুয়ারি ফুয়াদ লাইভে ঢাকায় আসেন জোহান। এরপর জয় বাংলা কনসার্টসহ একাধিক কনসার্টে অংশ নেয় তার ব্যান্ডদল সাবকনসাস।

এর ধারাবাহিকতায় বরিশালে বেশ ক’টি কনসার্ট করতে গিয়েই হঠাত্ করোনা মহামারিতে আটকে যান তিনি। প্রথমে ভেবেছিলেন নিশ্চয়ই খুব দ্রুত সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে এতটাই কঠিন হয়ে পড়ে যে নিজ দেশেই আটকে যান তিনি। এদিকে জোহানের স্ত্রী-সন্তান থাকেন নিউইয়র্কে। জোহান বলেন, ‘এভাবে নিজ দেশেই গৃহবন্দি থাকতে হবে জীবনেও ভাবিনি। বরিশালে আমার প্রমোটার বুলু ভাইয়ের তত্ত্বাবধানেই এখানে সেলফ কোয়ারেন্টাইনে আছি।’