করোনা ভাইরাসে আক্রান্তদের সহায়তায় এগিয়ে আসতে স্বদেশি খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি স্পেন। ইতিমধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৪ হাজার! দেশটির এমন পরিস্থিতিতে স্প্যানিশ খেলোয়াড়দের প্রতি ১১ মিলিয়ন ইউরো সমমানের অনুদান তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন নাদাল।
ইতিমধ্যে দেশটির শীর্ষ বাস্কেটবল তারকা পাউ গ্যাসোলের সঙ্গে এক দফা আলোচনাও করেছেন তিনি। আলোচনা শেষে রেডক্রসকে সুরক্ষামূলক সরঞ্জাম উত্পাদন ও দুর্বল মানুষের জন্য অবকাঠামো তৈরিতে সহায়তাদানে তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়। এতে বাকি স্প্যানিশ খেলোয়াড়দেরও সহায়তা করার আহ্বান জানান তিনি।
নাদাল এ ব্যাপারে সম্প্রতি একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমি মনে করি, আমরা আপনাদের সমর্থনের কারণেই এ পর্যন্ত আসতে পেরেছি। আর এখন এমন এক সময়ে আমরা পৌঁছে গেছি, যখন আপনাদের পাশে দাঁড়ানো খেলোয়াড়দের একান্ত কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।’
তিনি আরো যোগ করেন, ‘উদ্দেশ্যটা পরিষ্কার। ১ দশমিক ৩৫ মিলিয়ন মানুষকে সাহায্য করতে ১১ মিলিয়ন ইউরো তুলতে হবে। আমি আর পাউ আমাদের অংশের দানটা করেছি। আমরা বিশ্বাস করি, বাকি স্প্যানিশ খেলোয়াড়েরা এগিয়ে এলে আমরা সেরা জয়টা তুলে নিতে পারব।’