চুয়াডাঙ্গায় রাস্তা ফাঁকা বিপাকে নিম্ন আয়ের মানুষ

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপের ফলে ফাঁকা হয়ে গেছে রাস্তা। বন্ধ হয়ে গেছে দোকান, হোটেল-রেস্তোরাঁ ও অফিস আদালত। ওষুধের দোকান আর কাঁচাবাজার সীমিতভাবে খোলা রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। এদিকে রাস্তা ফাঁকা হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। শুক্রবার সকালে শহরের শহিদ হাসান চত্বর, কলেজরোড, বাস টার্মিনাল, রেলস্টেশন ও একাডেমির মোড়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা গেছে, ফাঁকা রাস্তায় লোকজনের ভিড় নেই। রিকশা, অটোরিকশা ও ভ্যানের সংখ্যাও নগণ্য। তাও যাত্রীর অভাবে অলস বসে আছে এসব যানবাহন। ফলে আয় কমে যাওয়ায় এবং ঘরবন্দি হয়ে যাওয়ায় নিম্নআয়ের মানুষ দুর্ভোগে পড়েছেন। দিনমজুর, শ্রমিকদের কাজ বন্ধ হয়ে গেছে। তারা এখন ভিজিএফ কর্মসূচির ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। তবে এখনও ভিজিএফ কর্মসূচি চালু হয়নি।

ব্যস্ততম সড়ক বাজার এখন জনমানবহীন

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপের কারণে বাকেরগঞ্জ পৌর এলাকা ও কয়েকটি ইউনিয়নের বাজার, ব্যস্ততম সড়ক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান জনমানবহীন হয়ে গেছে। শুক্রবার উপজেলার বিভিন্ন স্থান ঘুরে এই দৃশ্য দেখা গেছে।  

উপজেলার ওষুধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, সার ও কীটনাশকের দোকান খোলা থাকলেও ক্রেতাদের উপস্থিতি ছিল খুবই কম, তাছাড়া শহর বা শহরতলীর বিভিন্ন মসজিদে জুমার নামাজে মুসল্লিদের উপস্থিতি ছিল খুবই কম। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধবী রায়ের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় আভিযান পরিচালনা করা হচ্ছে। জনসমাগম স্থানে পুলিশ ও সেনাবাহিনীকে কঠোর নজরদারি রেখে টহল এবং মাঝে মাঝে দুই-এক জনকে শাস্তি দিতেও দেখা গেছে।