করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত ১০ দিনের সাধারণ ছুটিতে রংপুর নগরীর নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রীর দোকান ও ফার্মেসিতে ভিড় বেড়েছে। তাই ক্রেতাদের মধ্যে করোনা ঝুঁকি এড়াতে কম করে এক মিটার দূরত্ব রাখতে নগরীর বাজারগুলোতে সাদা রং দিয়ে রাস্তার ওপর গোল বৃত্ত এঁকে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিকালে নগরীর সিটি বাজার, মাহিগঞ্জ বাজারসহ বিভিন্ন ওষুধের দোকানের সামনের সড়কে ওই গোল বৃত্ত আঁঁকার কাজ করেন সেনাবাহিনীর সদস্যরা। বাজারের মুদির দোকান, শাক-সবজি ও মাছ-মাংসের দোকানসহ ওষুধের দোকানে ক্রেতারা কিভাবে দাঁড়াবেন, কত ফুট দূরত্বে দাঁড়াবেন, কিভাবে পণ্য কিনবেন তার নির্দেশনাও টাঙানো হয়েছে।
এদিকে গোল চিহ্নের মধ্যে দাঁড়িয়ে থেকে বাজারে পণ্য কিনতে দেখা গেছে ক্রেতাদের। একটি বৃত্ত ফাঁকা হলেই পরের জন এগিয়ে যাচ্ছেন। দোকানের সামনে এমন বৃত্ত করে দেওয়ায় প্রশাসনের প্রতি সাধুবাদ জানান সিটি বাজারে আসা মেজবাহুল ইসলাম হিমেল নামে এক ক্রেতা। তিনি বলেন, করোনাভাইরাস আতঙ্কে আমরা সবাই। প্রশাসনের নির্দেশনা অনেকেই মানছে না। অথচ আমাদের ভালো থাকার জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি। এখন আমাদের ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব সৃষ্টি হবে। এটা অনেক ভালো উদ্যোগ। বৃত্তকরণ কার্যক্রম শেষে সেনা সদস্যদের টিমের সমন্বয়ক মেজর তারেক উপস্থিত লোকজনকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করেন। একইসঙ্গে বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার পরামর্শ দেন।