২১টি ডিম দিয়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ বাসকা

সুন্দরবনের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে বিলুপ্ত প্রজাতির বাটাগুর বাসকার আরো একটি ‘মা’ কচ্ছপ শুক্রবার সকালে ২১টি ডিম দিয়েছে। এ নিয়ে চলতি মাসে দুই দফায় দুইটি কচ্ছপ ৫৬টি ডিম পেড়েছে প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে। গত ১০ মার্চ প্রথমে ৩৫টি ডিম দেয় একটি মা কচ্ছপ। পরে শুক্রবার সকালে ২১টি ডিম দেয় অপর অরেকটি কচ্ছপ। এ সকল ডিমগুলো সংরক্ষণ এবং বালুর ভেতরে রাখা হয়। বিলুপ্তি প্রজাতির এ কচ্ছপ সংরক্ষণে ২০১৭ সালে সুন্দরবনের করমজলে চারটি পুরুষ ও চারটি স্ত্রী কচ্ছপ নিয়ে বাটাগুর বাসকার প্রজনন কেন্দ্রটি গড়ে তোলা হয়। একই বছর দুইটি কচ্ছপ ৬৩টি ডিম পাড়ে এবং ৫৭টি বাচ্চা জন্ম হয়। ২০১৮ সালে ৪৬টি ডিম থেকে ২১টি বাচ্চা জন্ম হয় বাটাগুর বাসকার। ২০১৯ সালে একটি কচ্ছপ ৩২টি ডিম পাড়ে ও ৩২টি বাচ্চা ফোটে। সর্বশেষ শুক্রবার এবং ১০ মার্চ দুই দফায় প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে দেওয়া কচ্ছপের ডিমগুলো উঠিয়ে বালুর ভেতরে ইনকিবেশনে রাখা হয়েছে। আগামী ৬৫/৬৭ দিন পর এ ডিম থেকে বাচ্চা পাওয়া যাবে বলে জানিয়েছেন করমজল বন্যপ্রাণি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির। এ কেন্দ্রে ছোটো-বড়ো মিলিয়ে ২৫২টি বাটাগুর বাসকা কচ্ছপ রয়েছে।