ফরিদপুরে করোনা মোকাবিলায় কর্মরত চিকিত্সকের জন্য ৫০০ পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করেছেন এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। শুক্রবার বেলা ১২টার দিকে শহরের বদরপুরে অবস্থিত আফসানা মঞ্জিলের বাসভবনে তিনি সংশ্লিষ্ট চিকিত্সা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব পিপিই তুলে দেন। এর মধ্যে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালকে ৩০০ এবং ফরিদপুর ডায়াবেটিক মেডিক্যাল কলেজ হাসপাতালকে ২০০ পিপিই দেওয়া হয়।
এ সময় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান, ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন টিটো চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেন, করোনা ভাইরাস এখন একটি বৈশ্বিক দুর্যোগ। এখনো আমাদের দেশে এই ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে আছে। এই দুর্যোগ কাটিয়ে উঠতে সকলের সহযোগিতা দরকার।