করোনা ভাইরাস প্রতিরোধে চৌদ্দগ্রামে সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থানের ফলে সর্বত্র সুনসান নীরবতা বিরাজ করছে। কমে গেছে লোকসমাগম। প্রয়োজন ছাড়া কেউই বাড়ি থেকে বের হচ্ছে না।
সরেজমিন শুক্রবার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সরকারি নির্দেশ অনুযায়ী কাঁচাবাজার ও ফার্মেসি খোলা থাকলেও ক্রেতা একেবারে নেই বললেই চলে। দীর্ঘ সময় ক্রেতা না পেয়ে অনেক ব্যবসায়ীও দোকান বন্ধ করে চলে যায়। সকালে সেনাবাহিনীর একটি টিম চৌদ্দগ্রাম বাজারসহ বিভিন্ন বাজারে টহল দেয়। সেনাবাহিনীর উপস্থিতি দেখে সবাই সরে যায়। এছাড়া থানা পুলিশের পৃথক টিম বিভিন্ন গ্রাম ও বাজারে গিয়ে মাইকিং করে জনগণকে সচেতন করতে দেখা যায়। প্রশাসনের কঠোর অবস্থান দেখে সচেতন মহল অভিনন্দন জানিয়েছেন।