নুরুন্নাহার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে গজারিয়া থানার (তদন্ত কেন্দ্র) পুলিশ। শুক্রবার দুপুরে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ইউপি সদস্য জুসনা বেগমের ভাড়া বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তার স্বামী মো. শামীম হোসেন এক জন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তারা গত ৩ মাস পূর্বে বাসা ভাড়া নিয়ে এখানে বসবাস শুরু করেন।
গজারিয়া থানার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক গোলাম কিবরিয়া জানান, তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করি এবং ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অর্ধ ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করি। তবে তার স্বামী পলাতক থাকায় সঠিক কারণ জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।