শ্রীপুর থানার পুলিশ বাবলু সাহা (৫৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার সকালে ঘাসিয়াড়া গ্রামের গোরস্থান এলাকার একটি কাঁঠালগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মচলন্দপুর গ্রামের পরেশ চন্দ্র সাহার ছেলে।
নিহতের ছোটো ভাই মুকুল চন্দ্র সাহা জানান, চাল ব্যবসায়ী বড়ো ভাই গত বৃহস্পতিবার সকালে মাগুরা মোকামে চাল কেনার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সেদিন রাতে আর তিনি ফেরেননি। পরদিন সকালে শ্রীপুর থানার পুলিশের মাধ্যমে তিনি জানতে পারেন যে তার ভাই ঘাসিয়াড়া গ্রামের গোরস্থান এলাকার একটি কাঁঠালগাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলছে।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে মাগুরা মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে বলে তিনি জানান। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।