নারায়ণগঞ্জে দুই বাড়িতে সেফটি ট্যাংক বিস্ফোরণ, শিশুর মৃত্যু আহত ৫

নারায়ণগঞ্জ শহরে দুইতলা ভবনের সেফটিক ট্যাংকের বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুটির বাবা, মা ও ভাইবোন। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে শহরের ১নং বাবুরাইল এলাকার বাদশা হাজীর বাড়ির নিচ তলার বাসায় ওই ঘটনা ঘটে। 

নিহত শিশুটির নাম আহমদ হোসেন। বয়স ৭ মাস। শিশুটি ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। আহতরা হলেন- তোফাজ্জল হোসনে (৫০), তার স্ত্রী ফেরদৌসী বেগম (৩০), বড় মেয়ে হালিমা আক্তার (১১) ও ছেলে মুহাম্মদ হোসেন (৯)। 

তোফাজ্জল হোসেনের ভাই রাকিব উদ্দিন জানান, দ্বিতল ভবনের নিচ তলায় দুটি রুমে তোফাজ্জল হোসেন পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করেন। যার মধ্যে একটি রুমের নিচেই ছিল সেপটিক ট্যাংক। ট্যাংক থেকে গ্যাস বের হওয়ার কোনো পথ ছিল না। আজ ভোর পৌনে ৫টার দিকে আচমকা ট্যাংকটিতে বিস্ফোরণ হয়। এতে ভবনের দেয়াল ভেঙে যায়। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৭ মাসের শিশু আহমদ হোসেনকে মৃত ঘোষণা করেন। আর অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে একইদিনে বাদশা হাজীর বাড়ির থেকে ৫০ গজ দূরে তাঁতীপাড়া এলাকায় আরেকটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আরও পড়ুন: করোনা শনাক্ত বৃদ্ধার সেবা দেওয়া চিকিৎসকরা আক্রান্ত হননি

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ভোরে দুইটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়। এতে একটি বাড়ির শিশু সহ ৫ জন আহত হয়। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য বাড়িটি নির্মাণাধীন ছিল সেখানে কেউ হতাহত হয়নি।

ইত্তেফাক/এসি