করোনাবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চায় চীন

মহামারি করোনা ভাইরাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চায় চীন। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই প্রস্তাব দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, আমরা এক হয়ে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারি।      প্রেসিডেন্ট ট্রাম্পও তার প্রস্তাবে সায় দিয়েছেন।—খবর রয়টার্সের

যুক্তরাষ্ট্রে এখন সবচেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৩৮ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৯ জনে। নিউ ইয়র্ক এবং নিউ অরলিন্স শহরের হাসপাতালগুলো কোভিড-১৯ রোগীতে প্রায় পরিপূর্ণ। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে গতকাল ফোনালাপ হলো। যদিও গত কিছু দিন ধরে দেশ দুটি করোনা ভাইরাসের জন্য একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প করোনাকে ‘চায়না ভাইরাস’ বলেও আখ্যায়িত করেছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শি জিনপিং প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন যে, চীন মহামারি কোভিড-১৯ নিয়ে খোলাখুলি বলছে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। তিনি করোনার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চান বলে জানিয়েছেন। টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চীনের অনেক অভিজ্ঞতা রয়েছে। প্রেসিডেন্ট শির সঙ্গে তার এ বিষয়ে বিস্তারিত আলাপ হয়েছে জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা খুব ঘনিষ্ঠভাবে এ বিষয়ে কাজ করছি।