কোলাহলমুখর নগরীতে শুধুই নীরবতা!

করোনা সতর্কতায় রাজধানীসহ সারাদেশে সব ধরনের গণপরিবহন বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে টানা দশ দিনের ছুটি। রাজধানীর সব সড়কই প্রায় যানবাহন শূন্য। এমনকি পাড়া, মহল্লার রাস্তা, গলি পথেও সীমিত রিকশা বা ছোটো বাহন। নেহায়েত দরকার ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। বন্ধ রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া সব ধরনের বিপণি বিতান। ফলে দুই কোটি মানুষের কোলাহলমুখর রাজধানীতে এখন শুধুই নীরবতা। গতকাল ছিল সবকিছু বন্ধ থাকার দ্বিতীয় দিন। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ, রেল ও বিমান চালচল আগে থেকেই বন্ধ। সীমিত আকারে ফেরি চলাচল করছে। রাজধানীসহ দেশের প্রায় সব জেলায় রাস্তায় লোক চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে, রাজপথ যেন পরিণত হয়েছে বিরানভূমিতে।