দোহার উপজেলার নারিশা ইউনিয়নে ঝনকি গ্রামে সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন পালন না করার অপরাধে রবিউল ইসলাম মিঠু নামে এক প্রবাসীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি স্থানীয় শারজাহান খানের ছেলে।
শুক্রবার ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে ইতালি থেকে আসা রবিউল ইসলাম সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন পালন করছে কি না, দেখতে যান। এ সময় সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন পালন না করার অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রবিউল ইসলামের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ঐ বাড়িটি লকডাউন করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ এবং সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। যারা সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন পালন করবে না এবং সরকারের নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।