বিমানের সব রুট বন্ধ

যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে বিমানের সব রুটের ফ্লাইটই বন্ধ হয়ে গেল।

গতকাল শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘বিদ্যমান (করোনা ভাইরাসের কারণে সৃষ্ট) পরিস্থিতিতে বিমানের লন্ডন ও ম্যানচেস্টার রুটের ফ্লাইট আপাতত সাত দিনের জন্য স্থগিত করা হলো। আগামী ২৯ মার্চ ঢাকা থেকে ঐ দুটি গন্তব্যে ফ্লাইট যাবে এবং পরদিন ফেরত আসবে। এরপর স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে। যাত্রীর সংকট এবং নিজ নিজ দেশের নিষেধাজ্ঞার কারণে ইতিমধ্যে আন্তর্জাতিক সব রুটে ১৫ এপ্রিল পর্যন্ত ফ্লাইট বন্ধ করেছে বিমান। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞার কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচলও বন্ধ রয়েছে।