করোনা ভাইরাস ইস্যুতে দোষারোপের খেলায় ভারতের সহযোগিতা চেয়েছে চীন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী এই সহযোগিতা আশা করেন। যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসকে ‘চায়না ভাইরাস’ বলে উল্লেখ করেছে। এমনকি বেইজিং ভাইরাসটি শনাক্তে এবং বিস্তার রোধে ব্যর্থ হয়েছে বলেও ওয়াশিংটন দোষারোপ করেছে।
সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে ফোনালাপ হয়। এই বিষয়ে ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সান ওয়েইডং জানান, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউজের কর্মকর্তারা যেভাবে করোনা ভাইরাসকে ‘চায়না ভাইরাস’ বলে আখ্যায়িত করেছেন তা গ্রহণযোগ্য নয়। এই দোষারোপ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভাল নয় উল্লেখ করে ওয়াং ই বলেন, ভারতও এমন দোষারোপ করবে না বলে চীন আশা করে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও তার বক্তব্যের সঙ্গে একমত হন এবং বিশ্বের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা উচিত বলে মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টুইটে ফোনালাপের বিষয়টি জানালেও যুক্তরাষ্ট্র-চীনের দোষারোপের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।