পঞ্চগড় ২: তুমুল লড়াই হবে আওয়ামী লীগ বিএনপিতে

দুটি উপজেলা, দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন নিয়ে পঞ্চগড়-২ আসন। এ আসনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের সঙ্গে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদের মধ্যে মূল লড়াই হবে বলে মনে করছেন নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। 

বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-২ আসনটি একসময় আওয়ামী লীগ ও সিপিবির দখলে ছিল। ১৯৯১ সালে ৮ দলীয় জোটের সিপিবির প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মোঃ মোজাহার হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৩ সালে তিনি বিএনপিতে যোগদান করেন। মোজাহার হোসেন ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে  সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বিএনপির প্রার্থী মোজাহার হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নুরুল ইসলাম সুজন দলীয় মনোনয়ন পান। তিনি ১০ বছর ধরে সংসদ সদস্য হিসেবে এলাকায় ব্যাপক উন্নয়নসহ মানুষের সেবা করে আসছেন। পরপর দুই বার নির্বাচিত হওয়া অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দলকে নিজস্ব ধারায় সুসংগঠিত করেছেন। এছাড়া তার আমলে স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ভারত-বাংলাদেশের ছিটমহল বিনিময় হওয়া এবং গত দশ বছরে আওয়ামী লীগের ভোট বৃদ্ধি পাওয়ায় এবারও তিনি জয়ী হবেন বলে নেতাকর্মীরা মনে করছেন।
 
পঞ্চগড়-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেন, 'দুই বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, সরকারি বেসরকারি অবকাঠামোসহ এলাকায় ব্যাপক উন্নয়নের কাজ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আগামী নির্বাচনেও এলাকার মানুষ আমাকে জয়যুক্ত করবে। আমি নির্বাচিত হলে আমার অসমাপ্ত কাজ সম্পন্ন করবো এবং পঞ্চগড়ের উন্নয়নে আমার যে স্বপ্ন তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।'

পঞ্চগড়-২ আসনের নতুন মুখ হিসেবে বিএনপির প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ ফরহাদ হোসেন আজাদ। বিএনপির হারানো আসনটি ফিরে পেতে তিনি ধানের শীষ নিয়ে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। ঐক্যবদ্ধ বিএনপির শক্ত প্রার্থী হিসেবে তরুন নেতা হিসেবে ফরহাদ হোসেন আজাদ সহজেই জয়লাভ করবেন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। 

বিএনপির দলীয় প্রার্থী ফরহাদ হোসেন আজাদ বলেন, 'মানুষ গত দুই নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিতে পারেনি। আমি দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করছি। দলকে সুসংগঠিত করেছি। বর্তমান সাংসদের ভালো মন্দ দিক বিবেচনা করে ভোটাররা তাদের রায় দিবেন। বর্তমানে সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে। আমাদের নেত্রী আমাদের মা জেলে। তার মুক্তি, ধানের শীষের বিজয়ের জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়েছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।'

পঞ্চগড়-২ আসনের অন্য প্রার্থীরা হলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান জুই (হুক্কা), জাতীয় পার্টির বোদা উপজেলা শাখার আহবায়ক লুৎফর রহমান রিপন (লাঙ্গল), বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম (কাস্তে), ন্যাশনাল পিপলস পার্টির ফয়জুর রহমান মিঠু (আম), ইসলামী আন্দোলন বাংলাদেশের কামরুল হাসান প্রধান (হাতপাখা)।

আরও পড়ুনঃ পঞ্চগড় ১: হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা-ধানের শীষে

এ আসনে মোট ভোটার তিন লাখ চৌত্রিশ হাজার চারশ পয়ঁতাল্লিশ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ সাতষট্টি হাজার তিনশ একান্ন জন এবং মহিলা ভোটার এক লাখ সাতষট্টি হাজার চুরানব্বই জন। এ আসনে নতুন ভোটারের সংখ্যা আটচল্লিশ হাজার তিনশ বাষট্টি জন। পঞ্চগড়-২ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৩১টি ভোট কক্ষের সংখ্যা ৬৫০টি।

ইত্তেফাক/নূহু