করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম। বন্ধ হয়ে থাকা বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে অন্তত ৬০ ক্রিকেটার আছেন যারা বিসিবির কোনো কাঠামোতে নেই। কাঠামোর বাইরে থাকা এসব ক্রিকেটারদের আর্থিকভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানায় বিসিবি।
কেন্দ্রীয় চুক্তি ও প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিতে না থাকা ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা করে সাহায্য দিবে বিসিবি। গতকাল এই ঘোষণা দিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। বিসিবির চুক্তিতে নেই যেসব ক্রিকেটার তারা অর্থ কষ্টে পড়বে কারণ তারা প্রিমিয়ার লিগের সংশ্লিষ্ট ক্লাব থেকে আংশিক পারিশ্রমিক পেয়েছে। এই সহযোগিতা ওই খেলোয়াড়দের জন্য।’